পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি এই সমুদ্রপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, আপাতত প্রণালিটি সম্পূর্ণ বন্ধ থাকবে। কোনো দেশের জাহাজই এই নৌপথ ব্যবহার করতে পারবে না।
শনিবার (১৭ অক্টোবর) আইআরজিসি নৌবাহিনী এক কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের নির্দেশ অমান্য করে কেউ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। মার্কিন বাহিনীর ওপর নির্ভর করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা জাহাজগুলোকে আগুনে পুড়ে বুঝতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
হরমুজ প্রণালিতে পানির নিচে পুঁতে রাখা একটি মাইনের আঘাতে বিশাল একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার মধ্য দিয়ে সাম্প্রতিক ঘটনার সূত্রপাত হয়। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় আরও অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়।
পরপর এসব বিস্ফোরণ ও হামলার ঘটনায় পুরো অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিল ইরান।