রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

মালয়েশিয়ায় চাকরি ও বিয়ের প্রলোভন, টেকনাফে পাচারের আগে উদ্ধার ৯ জন

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় নয়জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় মানব পাচারকারী চক্রের ১০ থেকে ১৫ জন সদস্য নৌকায় করে পালিয়ে যান বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

মালয়েশিয়ায় চাকরি ও বিয়ের প্রলোভন, টেকনাফে পাচারের আগে উদ্ধার ৯ জন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় নয়জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় মানব পাচারকারী চক্রের ১০ থেকে ১৫ জন সদস্য নৌকায় করে পালিয়ে যান বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আবদুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। অন্যদের বাড়ি কক্সবাজারে। তাঁদের অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় লম্বরীঘাট এলাকায় জড়ো করা হয়েছিল। খবর পেয়ে বিজিবি নৌঘাটে অভিযান চালায়। এ সময় পাচারকারী চক্রের সদস্যরা একটি নৌকায় উঠে সাগরের দিকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে নয়জনকে উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া নয়জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, পুরুষদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কাঠের ট্রলারে সাগরপথে মালয়েশিয়ায় যেতে উৎসাহিত করেছিলেন মানব পাচারকারী দলের সদস্যরা। অন্যদিকে নারীদের মালয়েশিয়ায় নিয়ে গিয়ে উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজ চলছে। পালিয়ে যাওয়া মানব পাচারকারী দলের সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।