শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা রাখবে জামায়াত: শফিকুর রহমান

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। একই সঙ্গে জামায়াতের নেতাকর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে পূজার নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন শফিকুর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ৫৫ হাজার বর্গমাইলের এই দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্বিঘ্নে আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাও এবার সবাই পূর্ণ নিরাপত্তার মধ্যে উদ্‌যাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, দেশের অতীতের সুন্দর ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও স্বস্তির সঙ্গে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জামায়াতের আমির আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে।

দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও জানান শফিকুর রহমান।