শনিবার (১৭ অক্টোবর) উত্তর কলকাতার চোরবাগান মণ্ডপে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আহতদের দেখতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই কঠিন সময়ে আহতদের পরিবারের সদস্যদের সাহস ও শক্তি দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।
ঘটনায় হতাহতের সংখ্যা ও পদদলিত হওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে মণ্ডপের ভেতরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
আনন্দবাজার পত্রিকা হাসপাতালের একটি সূত্রের বরাতে ১৭ জনের মৃত্যুর কথা উল্লেখ করেছে। তাদের মধ্যে তিনজন পুরুষ, একজন শিশু ও ১৩ জন নারী রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে নিহতের সংখ্যা সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।