সরকার একসঙ্গে আট মন্ত্রণালয়, কমিশন ও একাডেমিতে সচিব এবং সমমর্যাদার কর্মকর্তাদের দায়িত্বে পরিবর্তন এনেছে। তাঁদের মধ্যে একজন পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন, দুজনকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ছয়জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। এ ছাড়া একজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ, বদলি ও পদায়নের আদেশ জারি করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর থেকেই জনপ্রশাসনে নিয়মিত রদবদল করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর ধারাবাহিকতায় রোববার একসঙ্গে নয়জন সচিব ও সমমর্যাদার কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হলো।
নতুন আদেশ অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মো. আবুল হাসনাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে সচিব পদমর্যাদায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে সচিব পদমর্যাদায় জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়েছে। অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।