রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে রায় মেনে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার আইসিজের রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের অবস্থান তুলে ধরেন দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।
হুমায়ুন কবির বলেন, “আইসিজে’র রায়কে আমরা স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। আপনারা হয়ত দেখে থাকবেন, এবারই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানাল আইসিজে।
“রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা করা হয়েছে। অধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আদালতের বিচার প্রক্রিয়ায় প্রথমবারের মতো এমনটা ঘটল।”
ক্ষতিপূরণের বিষয়ে রায় আসার কথা তুলে ধরে তিনি বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি আক্রান্ত দেশগুলোর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটা ইতিবাচক ফল এখানে আছে। সুতরাং বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব থাকবে।”
রোহিঙ্গা সংকট মোকাবিলায় এ রায়ের তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “আমি যেভাবে বলেছি, প্রথমবারের মতো আইসিজে কোনো দেশকে গণহত্যার জন্য নিন্দা করল। এই বিশাল সংকট সমাধানের দিকে আমরা কীভাবে এগোতে পারি, সেক্ষেত্রে এটার গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে।”
অন্যদিকে, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রায় মেনে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে।
তিনি বলেন, “আমরা আশা করব, মিয়ানমার সরকার কিছুটা হলেও তারা বুঝতে পারবে, আরাকান আর্মি বুঝতে পারবে যে, এই রোহিঙ্গা জনগোষ্ঠী তারা তাদের নিজের দেশে সম্মানের সঙ্গে ফেরত যেতে চায় এবং আজকের রায়কে তারা সম্মান জানাবে। সম্মান জানিয়ে তারা এই রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়াটা শুরু করবে।”
শামা ওবায়েদ বলেন, “আজকে অবশ্যই একটি ঐতিহাসিক দিন। বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের জন্য এটা ইতিবাচক খবর।
তিনি বলেন, “আজ যে রায়টা হয়েছে, সেই রায়টা অত্যন্ত পরিষ্কার। এই রায়ে বলা হয়েছে, মিয়ানমার গণহত্যা চালিয়েছে, সেটা খুবই পরিষ্কার।
“রাখাইন রাজ্যে রোহিঙ্গা গোষ্ঠীকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যে কার্যক্রম তারা চালিয়েছে, সেটা এই রায়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে। শুধু এটাই নয়, আরও যে অনেক অন্যায়-অবিচার তারা করেছে, এই রায়ের ডিটেইলসে ফুটে উঠেছে।”
এই রায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন শামা ওবায়েদ। তিনি বলেন, “আমার কাছে মনে হয়, এটাতে বাংলাদেশের অবস্থানটা আরও জোরদার করবে। বহু বছর ধরে বাংলাদেশ সরকার বলে আসছে, মিয়ানমারের সঙ্গে কথা বলে আসছে এবং আমরা যে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার চেষ্টা করছি, রোহিঙ্গা সমস্যাটাকে বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছি, আমরা যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে রোহিঙ্গা নিয়ে একটি হাই-লেভেল ইভেন্ট করেছি— এই সবকিছুকে আরও জোরদার করবে আজকের এই রায়।”
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই রায়ের ওপর ভিত্তি করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে যথেষ্ট চাপ আন্তর্জাতিক সম্প্রদায় চাইলে দিতে পারে, যেন আমরা যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে পারি।”
রায়কে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার কেলি এম কারি বুধবার উদ্বেগ জানিয়েছিলেন। এ বিষয়ে বাংলাদেশ সজাগ কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, “অবশ্যই আমরা সজাগ। দেখুন, আমরা যদি মিয়ানমার সরকার বা রাখাইন স্টেটে আরাকান আর্মি গত ১০-১২ বছর ধরে বা বহু বছর ধরে যা তারা এই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর করছে, যেই পরিমাণ অত্যাচার তারা করছে, যেই পরিমাণ খুনখারাবি তারা করছে, তাদের যদি বিন্দুমাত্র অনুশোচনা থাকত, তাহলে তো সেটা তাদের কাজে বোঝা যেত।
“অবশ্যই সেটা একটা শঙ্কা আছে। তবে, আমরা অবশ্যই সজাগ আছি। আমাদের যারা ওখানে ফিল্ডে আছে, যারা বর্ডারে আছে, যারা আমাদের বিভিন্ন সংস্থা, যারা এই বর্ডার ইস্যুজ প্রতিদিন দেখছেন, মোকাবিলা করছেন, তত্ত্বাবধান করছেন, তারাও সজাগ আছেন।”
মামলাটি করার জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানান শামা ওবায়েদ। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশটি মামলা করেছে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হওয়া অবিচার, অত্যাচার, অনাচার ও গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়া অবস্থান নিয়েছে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে অর্থায়ন, আর্থিক সহযোগিতা ও মানবিক সহায়তা দিয়ে আসা আন্তর্জাতিক সম্প্রদায়কেও ধন্যবাদ জানান তিনি।