শুক্রবার, 20 নভেম্বর 2026
সকল বিভাগ

মুকসুদপুরে মুসাদ্দিকের বাড়িতে হামলা-আগুন, ডাকসুর নিন্দা

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে বাড়িতে আগুন দেওয়া হয়। পরে দুপুরের দিকে সেখানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

মুকসুদপুরে মুসাদ্দিকের বাড়িতে হামলা-আগুন, ডাকসুর নিন্দা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে বাড়িতে আগুন দেওয়া হয়। পরে দুপুরের দিকে সেখানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনার পর মুসাদ্দিককে ফোন করে খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

ঘটনার বিষয়ে মুসাদ্দিক আলী আজ রাতে বলেন, তাঁর পরিবার ঢাকায় থাকে। তবে তাঁরা প্রায়ই গ্রামের বাড়িতে যান। তাঁর মেজ ভাই কয়েক বছর ধরে গ্রামের বাড়িতে থাকছেন। তাঁর বাবা প্রতি সপ্তাহেই ঢাকা থেকে এলাকায় যাওয়া-আসা করেন। গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাঁর বাড়িতে হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছিল। বিষয়টি দেখে তিনি বাবাকে আপাতত গ্রামের বাড়িতে যেতে নিষেধ করেন। আগুন দেওয়ার সময় তাঁর বাবা-মা সেখানে না থাকলেও বাড়িতে ফুপুসহ আত্মীয়স্বজন ছিলেন।

হামলার আশঙ্কা বুঝতে পেরে ঘটনার এক-দুই মিনিট আগে বাড়িতে থাকা আত্মীয়স্বজনেরা নিরাপদ দূরত্বে সরে যান বলে জানান মুসাদ্দিক। তিনি অভিযোগ করে বলেন, ‘সাবেক অবৈধ সরকারের মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ আমার বাড়িতে আগুন দিয়েছে। মুকসুদপুর থানাও তারা পুড়িয়ে দিয়েছে। ফলে সেখানে আইনি ব্যবস্থা চাওয়ারও সুযোগ নেই। সরকারের ওপরও ভরসা নেই।’

ডাকসুর প্রতিবাদ, জামায়াত আমিরের ফোন

মুসাদ্দিকের বাড়িতে হামলার ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছে ডাকসু। বিকেলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের আগে তাঁর বাড়ি মনে করে প্রথমে ফুপুর বাড়িতে আগুন দেওয়া হয়। পরে পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কয়েক দিন ধরেই মুসাদ্দিকের বাড়িতে হামলার উসকানি দিয়ে আসছিল। হামলার আশঙ্কায় বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে মুসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে হামলার আগে দেওয়া উসকানি ও হুমকির বিষয়টি তদন্ত করে এর নেপথ্যের পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানায় ডাকসু। মুসাদ্দিক ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতার বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

এদিকে হামলার পর ফোন করে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সার্বিক খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মুসাদ্দিক নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা। তিনি আমাকে ও আমার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন এবং মহান আল্লাহর সাহায্য ও সহযোগিতা কামনা করে আমার জন্য দোয়া করেছেন। এ সময় তিনি আমার বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।’