বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

আবার হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আবারও হামলার আশঙ্কায় থানা ছেড়ে চলে যাচ্ছেন পুলিশ সদস্যরা। তাঁদের গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক পুলিশ সদস্য।

আবার হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আবারও হামলার আশঙ্কায় থানা ছেড়ে চলে যাচ্ছেন পুলিশ সদস্যরা। তাঁদের গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক পুলিশ সদস্য।

বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত থানা এলাকায় পুলিশ সদস্যদের চলে যাওয়ার এমন দৃশ্য দেখা যায়। এ সময় তাঁদের পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল ভ্যান ও ইজিবাইকে করে নিয়ে যেতে দেখা গেছে।

একজন উপপরিদর্শক (এসআই) বলেন, ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তাঁরা উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আবার হামলার আতঙ্কে রয়েছেন তাঁরা। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।

থানার এক পুলিশ কর্মকর্তা জানান, সেখানে তিনজন পরিদর্শক, দুজন সহকারী পুলিশ সুপার (এএসপি), সাতজন এসআই, সাতজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং কনস্টেবলসহ ৩০ থেকে ৩৫ জন পুলিশ সদস্য নিয়মিত কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নেয় পুলিশ। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকেরা থানা ঘেরাও করেন।

পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

পরিস্থিতির একপর্যায়ে পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। তখন গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীদের দেওয়া আগুনে থানার নয়টি গাড়ি, ১৫টি মোটরসাইকেল ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।