গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও সংসদ সদস্য এসএম জিলানীর বাসভবনে আগুন দেওয়ার ঘটনার জেরে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা মহানগর শাখার সভাপতি বাহারের এই বাসভবনটিতে এর আগেও দুবার আগুন দেওয়া হয়েছিল।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কুমিল্লা শহরের মুন্সেফ বাড়ি এলাকায় অবস্থিত ওই বাসভবনে আগুন জ্বালিয়ে এই প্রতিবাদ জানানো হয়।
ইতিমধ্যে ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে শহরের রামঘাট এলাকায় অবস্থিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হন। এ সময় তারা গোপালগঞ্জে থানায় হামলা ও বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের একপর্যায়ে ওই দলীয় কার্যালয়ের সামনের অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অপর একটি ভিডিও চিত্রে দেখা গেছে, একদল বিক্ষুব্ধ যুবক মিছিল সহকারে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মুন্সেফবাড়ির বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানেও তারা একই ঘটনার প্রতিবাদে স্লোগান দেন এবং একপর্যায়ে ভবনের নিচতলায় অবস্থিত বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এ ছাড়া কার্যালয়ের বাইরে পড়ে থাকা কাগজপত্র ও কাঠেও অগ্নিসংযোগ করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন জানান, গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তারা তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
ঘটনার বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মূল ফটক তালাবদ্ধ থাকায় বিক্ষোভকারীরা ভবনের ভেতরে ঢুকতে পারেনি। বাইরে থেকে কয়েকজন যুবক কাগজ জ্বালিয়ে আগুন ধরিয়ে দিলেও তা অল্প সময়ের মধ্যেই নিভে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।