শুক্রবার, 20 নভেম্বর 2026
সকল বিভাগ

রূপপুরে পারমাণবিক জরুরি প্রস্তুতি জোরদারে আইএইএর পাঁচ সুপারিশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি আরও শক্তিশালী করতে পাঁচটি ক্ষেত্রে উন্নতির সুপারিশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দল। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় এ ধরনের জরুরি পরিস্থিতি অন্তর্ভুক্ত করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব স্পষ্ট করা, বিকিরণ পর্যবেক্ষণ জোরদার এবং জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করার ওপর গুরুত্ব দিয়েছে দলটি।

রূপপুরে পারমাণবিক জরুরি প্রস্তুতি জোরদারে আইএইএর পাঁচ সুপারিশ
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি আরও শক্তিশালী করতে পাঁচটি ক্ষেত্রে উন্নতির সুপারিশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দল। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় এ ধরনের জরুরি পরিস্থিতি অন্তর্ভুক্ত করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব স্পষ্ট করা, বিকিরণ পর্যবেক্ষণ জোরদার এবং জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করার ওপর গুরুত্ব দিয়েছে দলটি। পাশাপাশি রূপপুরে পূর্ণাঙ্গ জরুরি মহড়া আয়োজনেরও সুপারিশ করেছে তারা।

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ জানায়, ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশে ১০ দিনের জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন শেষে এসব সুপারিশ করা হয়েছে। সংস্থাটির নিরাপত্তামানের আলোকে বাংলাদেশের প্রস্তুতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা পর্যালোচনা করে বিশেষজ্ঞ দলটি।

বাংলাদেশ সরকারের অনুরোধে পরিচালিত এ মিশনের আয়োজন করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

সফরে বিশেষজ্ঞরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে থাকা সরকারি সংস্থা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের পুলিশ ও উদ্ধারকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তাঁরা।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থাকে প্রস্তুতির একটি শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করেছে বিশেষজ্ঞ দল। তাদের মূল্যায়ন, মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠা এ ব্যবস্থার সঙ্গে পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও যুক্ত করা যেতে পারে।

রূপপুরে জরুরি সেবার জন্য আলাদা ক্লিনিক এবং অগ্নিনির্বাপণকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে দলটি। ক্লিনিকটিতে চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। আর অগ্নিনির্বাপণকর্মীদের বাস্তব পরিস্থিতির অনুকরণে প্রশিক্ষণ দিতে রয়েছে উন্নত সিমুলেটর।

আইএইএর পাঁচ সুপারিশ

প্রথম সুপারিশে সব ধরনের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জাতীয় ব্যবস্থায় পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতিকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ জন্য জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত জরুরি পরিকল্পনা ও কাজের পদ্ধতি চূড়ান্ত করে সেগুলোর মধ্যে সামঞ্জস্য আনার পরামর্শ দিয়েছে দলটি।

দ্বিতীয় সুপারিশে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোন সংস্থা কী দায়িত্ব পালন করবে, তা স্পষ্ট করার পাশাপাশি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও জরুরি সেবা সংস্থাগুলোকে আরও শক্তিশালী করতে বলা হয়েছে। জরুরি সময়ে এক জায়গা থেকে নির্দেশনা দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা এবং সুরক্ষামূলক পদক্ষেপ কার্যকর করার সুপারিশও রয়েছে এতে।

তৃতীয় সুপারিশে আন্তর্জাতিক নিরাপত্তামান অনুযায়ী জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করার কথা বলা হয়েছে। এ কাজে জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে থাকা সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুক্ত করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ দল।

চতুর্থ সুপারিশে বিকিরণ পর্যবেক্ষণ, জরুরি কর্মী ও সহায়তাকারীদের সুরক্ষা এবং চিকিৎসাসেবা জোরদার করতে বলা হয়েছে। ঘটনাস্থলে প্রথম সাড়া দেওয়া কর্মীদের চিকিৎসাসংক্রান্ত সহায়তার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি জনসাধারণকে তথ্য দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে জরুরি পরিস্থিতির খবর জানানোর ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।

পঞ্চম সুপারিশে জরুরি পরিস্থিতি মোকাবিলার সব পর্যায়কে নিয়ে মহড়া ও মূল্যায়নের পূর্ণাঙ্গ কর্মসূচি চালুর কথা বলা হয়েছে। বিদ্যমান ব্যবস্থা কতটা কার্যকর, তা যাচাই ও উন্নত করতে রূপপুরে পূর্ণাঙ্গ জরুরি মহড়া আয়োজনের সুপারিশ করেছে দলটি।

যুক্তরাষ্ট্রের আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির মূল্যায়ন ও জরুরি পরিস্থিতি মোকাবিলা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার পর্যালোচনা দলের নেতৃত্ব দেন। অস্ট্রিয়া, বুলগেরিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, লাটভিয়া, নরওয়ে, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা এ দলে ছিলেন।

আইএইএর বিজ্ঞপ্তিতে ব্রেইটিঙ্গার বলেন, সংস্থাটির নিরাপত্তামান অনুযায়ী পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি জোরদারে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে তাঁরা খোলামেলা ও গঠনমূলক মনোভাব দেখেছেন। প্রস্তুতি ধরে রাখতে এসব সংস্থার মধ্যে সমন্বয় বজায় রাখা ও নিয়মিত মহড়া করা জরুরি হবে বলে জানান তিনি।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তুতির সময়ে পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করা তাঁদের অগ্রাধিকার। এ মিশন বিদ্যমান প্রস্তুতি মূল্যায়ন, উন্নতির ক্ষেত্র চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ দিয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, মিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার একটি কর্মপরিকল্পনা তৈরি করবে। এতে মন্ত্রণালয়, জরুরি সেবা সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মান অনুসরণ করে জাতীয় জরুরি প্রস্তুতি জোরদার করা হবে।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে রূপপুরের বিদ্যুৎ

আইএইএর পর্যালোচনা শেষ হওয়ার আগের দিন মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

সেদিন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানায়, বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর, বিকেল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির উৎপাদন ছিল ৩৫০ মেগাওয়াট।

এর আগে ২৯ অক্টোবর প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর প্রস্তুতির চূড়ান্ত ধাপে যাওয়ার অনুমোদন দেয় বায়েরা।

পাবনার ঈশ্বরদীতে নির্মিত কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।