শুক্রবার, 20 নভেম্বর 2026
সকল বিভাগ

আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করল যুক্তরাজ্য

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের গণহত্যা চালানোর বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার।

আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করল যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের গণহত্যা চালানোর বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। পাশাপাশি তলব করা হয়েছে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে। রায় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকতেও আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার আইসিজের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় আইনি লড়াইয়ে আইসিজেতে যুক্ত হয়েছিল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ১১টি দেশ। রায়ের পরপরই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে আমরা মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছি।

“রায়ের বিষয় আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের আহ্বান জানাচ্ছি।”

লন্ডনে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলবের তথ্য জানিয়ে মিলিব্যান্ড বলেন, “আমরা মিয়ানমারের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করছি এবং দায়ীরা যাতে জবাবদিহিতার মুখোমুখি হয়, সেটার পদক্ষেপ সামনের দিনগুলোকে ঠিক করব আমরা।

“রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারে তাদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভূক্তিমূলক ভবিষ্যতের জন্য সহায়তার ক্ষেত্রে আমরা অবিচল থাকব।”

রায়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “এই ধরনের অপরাধ করে যে দায়মুক্ত থাকা যাবে না, আদালতের আদেশের মাধ্যমে সেই পরিস্কার বার্তা যাতে যায়, আমাদেরকে তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

“বছরের পর বছর ধরে রোহিঙ্গারা জঘন্য সহিংসতা, বাস্তুচ্যুতি ও নির্যাতন ভোগ করেছে। মিয়ানমারকে অবশ্য এই রায় মানতে হবে। রায়ের বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।”