শুক্রবার, 20 নভেম্বর 2026
সকল বিভাগ

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে কয়েকজন ব্যক্তি বাড়ির ভেতরে ঢুকে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে কয়েকজন ব্যক্তি বাড়ির ভেতরে ঢুকে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, দুপুর ১২টার দিকে পাঁচ-ছয়জন তরুণ মোটরসাইকেলে এসে শাহরিয়ার আলমের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর তাঁরা বাড়ির সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন দ্রুত নিচতলার কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দেওয়ার পর তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন তাঁরা। পরে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বাঘা থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে কথা হয়েছে। ওসি জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চারঘাটের দিক থেকে গিয়ে ফটকের সামনে আগুন লাগানোর চেষ্টা করে। আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে যাওয়ায় তারা ভেতরে ঢুকতে পারেনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বাড়ির নিচতলা জুড়ে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটি নিয়ে জানতে চাইলে সাবিনা ইয়াসমিন কোনো মন্তব্য করেননি।

আমির হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই শাহরিয়ার আলমের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝে মাঝে কেয়ারটেকার এসে খোঁজখবর নিয়ে চলে যায়। মাঝে মাঝে একজন নাইট গার্ডকে বাড়ি পাহারা দিতে দেখা যায়। আজ (বৃহস্পতিবার) বাড়িটিতে আগুন দেওয়া হলো। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় সম্ভবত নিচতলা ছাড়া বাড়ির তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

চকসিংগা গ্রামের বাসিন্দা শামসুল ইসলাম বলেন, পাঁচ-ছয়জনের একটি দল ভেতরে ঢুকে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন দিয়েই চলে যায়। এরপর আমরা স্থানীয়রা আগুন নিভিয়ে দেই। যারা আগুন দিয়ে চলে গেছে, তারা কেউ আড়ানী বা আশপাশের লোক না। তাদের সবাইকে বহিরাগত মনে হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাজশাহী শহরের বিভিন্ন স্থানেও ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগের রাতে নগরীর বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন, রেললাইনে আগুন দেওয়া ও লাল নিশান টানানো, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার খবর পাওয়া গেছে।

এ ছাড়া বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে।