শুক্রবার, 20 নভেম্বর 2026
সকল বিভাগ

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির দাবি বিজিবিএর

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে এ খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির দাবি বিজিবিএর
ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে এ খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটির নেতারা বলছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ক্ষতির পরিমাণ প্রতিদিন বাড়বে। এর প্রভাব পোশাকশিল্পের বাইরেও পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকসসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাত এবং সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ড কাজ করছে। তিনি বলেন, ‘আমরা আশাবাদী, এমন একটি সময়োপযোগী মজুরি কাঠামোতে পৌঁছানো যাবে যা যা একদিকে শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সঙ্গত হবে, অন্যদিকে কারখানাগুলোর জন্যও বহনযোগ্য থাকবে।’

আবদুল হামিদ লিখিত বক্তব্যে বলেন, শ্রমিকদের আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে নতুন পণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে তৈরি পণ্য নির্ধারিত সময়ের মধ্যে জাহাজীকরণ করা যাচ্ছে না। আগামী মৌসুমের পণ্য সময়মতো সরবরাহ করা সম্ভব না হলে বাড়তি খরচে উড়োজাহাজে করে পণ্য পাঠাতে হতে পারে। এ ছাড়া ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপ আসার আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন বিজিবিএ সভাপতি। তাঁর মতে, চলমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিকগুলোর একটি এটি। আন্দোলনের প্রভাব ক্রয়াদেশেও (ওয়ার্ক অর্ডার) পড়ছে বলে দাবি করেন তিনি।

আবদুল হামিদ বলেন, চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশে নতুন ক্রয়াদেশ দিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে অনেক কারখানা তাদের পূর্ণ উৎপাদনসক্ষমতা অনুযায়ী পরিচালিত হতে পারবে না। কিছু কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হতে পারে।

এমন পরিস্থিতি তৈরি হলে তা পোশাকশিল্পের উৎপাদনসক্ষমতা ও রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অসংখ্য শ্রমিক এবং তাঁদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে বলে বক্তব্যে উল্লেখ করেন আবদুল হামিদ।

সংবাদ সম্মেলনে বিজিবিএর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।