জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাঁচ দেশের কূটনীতিকেরা। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্য ও ভারতের হাইকমিশনার রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার খলিলুর রহমানের দপ্তরে পৃথকভাবে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তবে এসব বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় খলিলুর রহমানকে শুভেচ্ছা জানাতে তিনি এসেছিলেন।
তিনি বলেন, “ইউএনজিএ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে আসার পর এবার সুযোগটি নিচ্ছি, কারণ তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। আমি ফোনের মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু আজকে সশরীরে উপস্থিত হতে পারাটা ছিল দারুণ আনন্দের।”
জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, “আমি সংস্কারের বিষয়গুলো বুঝতে খুব আগ্রহী ছিলাম এবং খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন।
“তাই আমি বুঝতে চেয়েছিলাম যে, সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে। কারণ সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এটি একটি অভিন্ন স্বার্থ।”
সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাৎ ছিল উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, “আমি খুব আনন্দ পেয়েছি এবং তিনি অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। আমি তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছিলাম। কারণ জাতিসংঘ হল অন্যতম সর্বোচ্চ বহুপাক্ষিক সংস্থা। আমার জন্যও একটি শেখার প্রক্রিয়ার মত ছিল, কারণ তিনি সশরীরে উপস্থিত আছেন।”