শনিবার, 21 নভেম্বর 2026
সকল বিভাগ

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংক শাখায় চার পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটক ও সিঁড়ির পাশে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তা ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি।

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংক শাখায় চার পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটক ও সিঁড়ির পাশে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তা ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি।

বুধবার রাত পৌনে ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য বলেন, ব্যাংকের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। বিস্ফোরণের পর নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

ব্যাংকের এক নৈশপ্রহরী জানান, দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা চারজন এসে ব্যাংক লক্ষ্য করে একের পর এক চারটি পেট্রোল বোমা ছোড়ে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর মধ্যে দুটি বোমা ব্যাংকের প্রধান দরজার সামনে ও সিঁড়ির পাশে বিস্ফোরিত হয়। বাকি দুটি বিস্ফোরিত হয়নি।

তিনি বলেন, বোমা বিস্ফোরণের পর আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা নেওয়া হবে। তবে রাত সাড়ে ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।