ভবিষ্যৎ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ ও যোগ্য শিক্ষার্থী গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানের সম্মেলন ও সেমিনার থেকে অর্জিত ধারণা এবং জ্ঞানকে শিক্ষাব্যবস্থার বাস্তবিক অগ্রগতিতে প্রয়োগ করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে।
শুক্রবার ২০ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ জনগোষ্ঠী রয়েছে, যাদের সুশিক্ষা ও মেধার বিকাশ নিশ্চিত করার বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দিচ্ছে। দেশের এই বিপুল তরুণ সমাজ বর্তমানে অদৃশ্য এক সম্পদ হিসেবে বিদ্যমান, যাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে দৃশ্যমান মানবসম্পদে পরিণত করতে হবে। সেই উদ্দেশ্য সামনে রেখে সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে পাঠ্যসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
উদ্বোধনী ওই আয়োজনে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের কোষাধ্যক্ষ ড. মো. সবুর খানসহ বিশ্বের নানা প্রান্তের বিশ্ববিদ্যালয়সমূহের প্রেসিডেন্ট, উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।