মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত পথে শিশু ও নারীসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের দৃঢ় অবস্থানে সেই প্রচেষ্টা ভেস্তে গেছে।
শুক্রবার ২০ নভেম্বর বিকেল নাগাদ ওই নারী, পুরুষ ও শিশুদের সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের আসাম প্রদেশের একটি উন্মুক্ত মাঠে অবস্থান করতে দেখা যায়। এই পরিস্থিতিতে বিজিবির পক্ষ থেকে ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানানো হয়েছে।
বিজিবি সূত্র এবং স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই ওই অঞ্চলে হালকা বৃষ্টিপাত চলছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তসংলগ্ন এলাকায় সাধারণ মানুষের যাতায়াতও কমে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে বৃহস্পতিবার গভীর রাতে বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি পথ দিয়ে ২০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ।
কিন্তু প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সীমান্তে দায়িত্বরত বিজিবির টহলদল তাদের ভেতরে ঢুকতে বাধা দেয়। সারা রাত বিজিবির বাধার মুখে তারা দেশের ভেতরে প্রবেশ করতে পারেননি। অপরদিকে ভারতের দিকে ফিরে যেতে চাইলে বিএসএফ সদস্যরাও তাদের ফিরিয়ে দেয়। ফলে দুই বাহিনীর বাধার মুখে তারা শূন্যরেখাতেই আটকে থাকতে বাধ্য হন।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বৃহস্পতিবার রাতে বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা শক্ত হাতে রুখে দিয়েছে এবং ওই সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি উদ্ভূত ঘটনায় বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানিয়েছে।