শনিবার, 21 নভেম্বর 2026
সকল বিভাগ

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

দুটি মোটরসাইকেলে চড়ে কয়েকজন দুর্বৃত্ত এসে ব্যাংক ভবনটি লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে।

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
চুয়াডাঙ্গা সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। গত রাতে আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার পদ্মবিলা শাখায় এই হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি এবং ব্যাংকের সম্পদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ব্যাংক সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চড়ে কয়েকজন দুর্বৃত্ত এসে ব্যাংক ভবনটি লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে। নিক্ষেপ করা বোমাগুলোর মধ্যে একটি ব্যাংকের মূল ফটকে এবং অপরটি সিঁড়ির নিকটে বিকট শব্দে বিস্ফোরিত হয়, তবে বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের পর মূল ফটকের সামনের অংশে আগুন ধরে গেলে বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে তা নিভিয়ে ফেলেন।

গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখার ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কয়েকজন অজ্ঞাত তরুণকে ব্যাংকটি লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছুড়তে দেখা গেছে। ঘটনার পরপরই পুলিশ প্রশাসন ও ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের আসামি করে সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে হামলার ঘটনার পরও বর্তমানে ব্যাংক শাখাটির দৈনন্দিন লেনদেন ও কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও পরিদর্শন করে। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি বা জিডি নথিভুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করা হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি সাধিত হয়নি। পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হবে।