২০২৬ সালের এইচএসসি সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় আরও তিন দিন বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) থেকে বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর। বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।
আগে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা পরবর্তী বছরের নিয়মিত পরীক্ষার সঙ্গে নেওয়া হতো। তবে এ বছর প্রথমবারের মতো এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের ফল প্রকাশের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে।
এই পরীক্ষায় অংশ নিতে গত ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সময় দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে দেশের ১০টি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী পুনঃপরীক্ষার জন্য আবেদন করেন।
আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।