মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে হাজির করার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। রোববার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরে তিনি প্রশ্ন করেন, একজন অভিযুক্তকে এভাবে আদালতে নেওয়া হচ্ছে কেন। তাঁর অভিযোগ, আদালত প্রাঙ্গণে জিয়াউলের আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। এ সময় পুলিশ তাঁকে প্রটোকল দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তাহসিনা রুশদী বলেন, জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি না পরিয়ে আদালতে নেওয়ার ঘটনায় তাঁরা মর্মাহত। এ ঘটনায় গুমের শিকার ব্যক্তিদের অনেক পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার তাঁকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তাঁর প্রতি মানবিকতা দেখানো হচ্ছে—সেই প্রশ্নও তোলেন তিনি। গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা আরও বলেন, আদালত প্রাঙ্গণে জিয়াউলের অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ উদ্বেগজনক।
তাঁর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাহসিনা রুশদীর বক্তব্য পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় আইনমন্ত্রী এর উত্তর দিতে পারেন। এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘জিয়াউল আহসান এই সুযোগ আর পাবেন না।’ ভবিষ্যতে আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের অভিযোগে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার চলছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাঁকে হাজির করা হয়। গাড়ি থেকে আদালতে যাওয়ার সময় রোদচশমা পরে পুলিশ বেষ্টিত হয়ে হাঁটেন তিনি। এ সময় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জয় আমাদের হবেই।’ ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অনেকেই ক্ষোভ জানান।
আইনমন্ত্রী বলেন, ‘একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নিয়ে যাওয়া হয়, ভবিষ্যতে তাই হবে। এরপর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না আদালত অঙ্গনে, আশ্বস্ত করতে চাই। ন্যায়বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি।’
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে হাজির করা ব্যক্তিদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হচ্ছে। তাঁর দাবি, এসব প্রমাণ যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে আসামির সাজা হবে। গত ১৬–১৭ বছরের গুম, খুন ও গায়েবি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার এগিয়ে যাবে বলেও জানান তিনি।
এ ছাড়া ঢাকার বাইরের জেলাগুলোতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে দল পাঠানো হবে বলে জানান আইনমন্ত্রী। এসব অপরাধে কোন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রাজনৈতিক কর্মীর সহযোগিতা বা প্রশ্রয় ছিল, তা খতিয়ে দেখা হবে।