সেনাবাহিনীর পাঁচজন মেজর জেনারেলের দায়িত্বে পরিবর্তন এনেছে সরকার। এর মধ্যে বগুড়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক করা হয়েছে। পাশাপাশি দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার পৃথক দুটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এ রদবদলের প্রজ্ঞাপন জারি করে।
আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন। একই আদেশে সাজ্জাদ মাহমুদকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। এ জন্য তাঁদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।