সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন। চলতি বছরের আগস্টে নয়াদিল্লির 'ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার' আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এ বছরের ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন। সম্প্রতি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তিনি পাসপোর্ট ও এনআইডির আবেদন করেন। এ আবেদনের পর জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গ।
বিদেশি শক্তিধর রাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে নানাভাবে মূল্যায়ন করার পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকাও রাখছে। সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরার পরিকল্পনা এখন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়; এর সঙ্গে ভারতের কূটনৈতিক অবস্থান, দুই দেশের সম্পর্ক, পরাশক্তিগুলোর ভু-রাজনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক মানবাধিকার ও বিচারপ্রক্রিয়ার প্রশ্নও জড়িয়ে আছে।
বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট নয়
বাংলাদেশ সরকার শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যেমন অস্পষ্ট অবস্থানে আছেন, সেই অবস্থানকে সন্দেহজনক মনে করছে ভারত। বাংলাদেশ সরকারের বিভিন্ন অধস্তন বা মাঝারি পর্যায়ের নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্বের মধ্যে বক্তব্য ও অবস্থানগত ভিন্নতা রয়েছে।
গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন শেখ হাসিনার আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে জানা যায়, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে এই আবেদন করা হয়। এতে শেখ হাসিনার বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে নতুন ভ্রমণ ও পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
শেখ হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে তাঁর আইনজীবীদের আবেদন দ্রুত নাকচ করে দেয় বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সরকার কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দিতে পারে না। তিনি শেখ হাসিনাকে পলাতক অপরাধী উল্লেখ করে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
ভারতের ভূমিকা প্রধান, আলোচনায় দুই শর্ত
শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান ভারতের। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁর প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে।
গত ১৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন ভারতের বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাবে ভারত।
গত ৩০ জুলাই ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিলির কাছে দেওয়া এক প্রতিবেদনে সরকার জানায়, বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার বিষয়টিকে মানবিক বিবেচনা ও ভারতের ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করা হয়।
তবে ভারত তাঁকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ দিচ্ছে না বলেও সংসদীয় কমিটিকে জানানো হয়।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার মধ্যে ভারসাম্য বজায় রাখা দিল্লির জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহ রয়েছে, অন্যদিকে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে হঠাৎ ছেড়ে দেওয়াও দিল্লির জন্য সহজ সিদ্ধান্ত নয়।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু। দিল্লি তাঁকে এমন একজন বন্ধু হিসেবে দেখে, যাঁকে ভারত সব সময় সমর্থন করবে।
অন্যদিকে, ঢাকায় অবস্থিত সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমানের মতে, শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দিল্লি অস্বস্তিতে থাকলেও তাঁকে ছেড়ে দেওয়াও তাদের জন্য কঠিন। কারণ, ভারত যদি এখন তাঁর নিরাপত্তার দায়িত্ব নিতে ব্যর্থ হয়, তাহলে দক্ষিণ এশিয়াসহ অন্যান্য অঞ্চলের মিত্রদের কাছে দিল্লির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
৬ ব্রিটিশ আইনপ্রনেতার বার্তা
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যুক্তরাজ্যের কয়েকজন রাজনীতিকও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের কূটনৈতিক উদ্যোগ চেয়েছেন তাঁরা।
গত ২৭ অক্টোবর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে একটি চিঠি পাঠান দেশটির ছয়জন বর্তমান ও সাবেক আইনপ্রণেতা। তাঁদের মধ্যে রয়েছেন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন, স্কটিশ ন্যাশনাল পার্টির সিমাস লোগান এবং স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন। তাঁদের সঙ্গে ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য চার্লস ট্যানক।
চিঠিতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না—এমন লিখিত নিশ্চয়তা আদায়ে ব্রিটিশ সরকারের ভূমিকা চেয়েছেন তাঁরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে হওয়া বিচারপ্রক্রিয়ার স্বাধীন পর্যালোচনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
রাজনীতিকদের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলোর স্বাধীন তদন্ত ও নিরপেক্ষ বিচার হওয়া প্রয়োজন। রাজনৈতিক বিরোধের কারণে যেন বিচারপ্রক্রিয়া প্রতিশোধ নেওয়া কিংবা বিরোধীদের রাজনীতি থেকে দূরে রাখার হাতিয়ার হয়ে না ওঠে, সে বিষয়েও সতর্ক করেছেন তাঁরা।
এ ছাড়া দেশে ফেরার সময়, যাতায়াত, আদালতে হাজিরা এবং কারাবাসের ক্ষেত্রে তাঁর শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। নির্যাতন, গুম ও রাজনৈতিক সহিংসতা থেকে সুরক্ষা এবং নিজের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিচারপ্রক্রিয়ার ওপর স্বাধীন নজরদারির জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে (ওএইচসিএইচআর) যুক্ত করার প্রস্তাবও দিয়েছেন তাঁরা।
মৃত্যুদণ্ডের বিরোধি, ন্যায়বিচার চায় জাতিসংঘ
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার পর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছিল।
২০২৫ সালের ১৭ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জুলাইয়ের আন্দোলন দমনের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য এই রায় গুরুত্বপূর্ণ। তবে বিচারপ্রক্রিয়ায় যথাযথ আইনি অধিকার ও নিরপেক্ষ বিচারের আন্তর্জাতিক মান নিশ্চিত করা জরুরি।
বিশেষ করে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার পরিচালনা করে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে এসব মান বজায় রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে সংস্থাটি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন। একই সঙ্গে বাংলাদেশকে সত্য উদ্ঘাটন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ঐক্য ও সামাজিক ক্ষত সারিয়ে তোলার আহ্বান জানান তিনি।
জাতিসংঘের এই অবস্থান থেকে স্পষ্ট, শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার এবং জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার বিষয়টিকে সংস্থাটি গুরুত্ব দিচ্ছে। তবে সেই বিচার অবশ্যই আন্তর্জাতিক আইনি মানদণ্ড মেনে হতে হবে।
যুক্তরাষ্ট্রের অবস্থান প্রসঙ্গে বিশ্লেষকদের মূল্যায়ন
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক অবস্থান সামনে আসেনি। তবে সাবেক মার্কিন কূটনীতিক ও ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সাবেক উপপ্রধান জন এফ ড্যানিলোভিচ বিষয়টি নিয়ে আলজাজিরার সঙ্গে কথা বলেছেন।
তাঁর মতে, শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তাঁর ধারণা, দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের সমর্থকদের আবার সক্রিয় করা এবং দেশের রাজনীতিতে শেখ হাসিনার গুরুত্ব ধরে রাখার একটি কৌশল।
ড্যানিলোভিচ আরও মনে করেন, শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারেরও এই সমস্যা থেকে বেরিয়ে আসার আগ্রহ থাকতে পারে। তবে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে ভারত আগ্রহী হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আলজাজিরার সঙ্গে কথা বলা বাংলাদেশের এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবল ধরে রাখার একটি প্রচেষ্টা হতে পারে। তবে দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অথবা দীর্ঘদিন কারাগারে থাকার আশঙ্কা থাকায় বাস্তবে তাঁর প্রত্যাবর্তন কঠিন।
আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ
শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনের প্রতিক্রিয়ায় দুটি বিষয় বিশেষভাবে সামনে এসেছে। একদিকে, ২০২৪ সালের আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি রয়েছে। অন্যদিকে, সেই বিচারপ্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে হয় এবং অভিযুক্ত ব্যক্তির আইনি অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। ভারত তাঁকে প্রত্যর্পণ করবে কি না, নাকি দেশটিতে তাঁর অবস্থান অব্যাহত থাকবে, সেটি এখনো পরিষ্কার নয়। অন্যদিকে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে।
সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার প্রশ্নে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের বিচারব্যবস্থার গ্রহণযোগ্যতা, মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ।