ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে অসংগতি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর দাবি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না।
রোববার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘জীবিত ও মৃত’-এর কাদম্বিনী চরিত্রের প্রসঙ্গ টেনে বক্তব্য শুরু করেন রুমিন। তিনি বলেন, শেখ হাসিনা দেশে না থাকলেও বিভিন্ন মাধ্যমে সারাক্ষণ নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে এর সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
রুমিন বলেন, “মাননীয় স্পিকার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা যা বলছেন তার একটির সঙ্গে অন্যটির আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না।”
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, গত ৩ নভেম্বর তিনি বলেছিলেন, শেখ হাসিনা নিজে ফিরুন বা তাঁকে ফিরিয়ে আনা হোক—সরকারের চাওয়া একটাই। সরকার তাঁর দেশে ফেরা ঠেকাতে চায় না।
মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক বলে তথ্য উপদেষ্টার মন্তব্যের কথাও উল্লেখ করেন রুমিন। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার পাসপোর্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছেন ওই উপদেষ্টা।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, গত ৯ নভেম্বর তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ ‘কোনো সন্ত্রাসীকে’ পাসপোর্ট দেবে না। শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনাও সরকারের নেই। একই সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরানোর কথা বলেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যও সংসদে তুলে ধরেন রুমিন। তিনি বলেন, গত ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য করা আবেদনের সত্যতা তখনো যাচাই করা হয়নি। আবেদনের আইনি ভিত্তি আছে কি না, তা যাচাই করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে চিঠি দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
রুমিন বলেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছেন। আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তাঁকে ফেরানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভারতের ওপর নির্ভর করছে।
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই বলেও আইনমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন রুমিন। তাঁর মতে, সরকারের বিভিন্ন পর্যায়ের এসব বক্তব্যে অসংগতি রয়েছে।
রুমিন বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন। অথচ পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন পাসপোর্ট দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা যাচাই করা হয়নি। অন্যদিকে, একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন।
শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্টের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসায় সরকারের প্রকৃত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তবে বক্তব্য শেষ করার আগেই নির্ধারিত দুই মিনিটের সময় শেষ হয়ে যাওয়ায় তাঁর মাইক বন্ধ হয়ে যায়।