মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে উপজেলা সদরে মিছিল চলাকালে দায়িত্ব পালন করার সময় তাঁর ওপর হামলা হয়। আহত অবস্থায় তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে উপজেলা সদরে মিছিল চলাকালে দায়িত্ব পালন করার সময় তাঁর ওপর হামলা হয়। আহত অবস্থায় তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা করেন এসআই মোসলেম আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে পুলিশের সরকারি গাড়ির পথরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। লাঠিসোঁটা দিয়ে আঘাত করে গাড়ির সব কাচ ভাঙচুর করা হয়। পরে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের বারবার সরে যাওয়ার অনুরোধ জানায়। তবে তাঁরা তা উপেক্ষা করে ভাঙচুর চালিয়ে যান। একপর্যায়ে সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এদিকে গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।