গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ের তালা ভেঙে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।
সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে কার্যালয়ে যান দলটির নেতা-কর্মীরা। তালা ভেঙে ভেতরে প্রবেশের পর সেখানে সভা করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌরসভা কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের কাছে জড়ো হন। পরে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরের পাশে অবস্থিত দলীয় কার্যালয়ে যান তাঁরা। সেখানে সভা শেষে আবার মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান।
দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রবেশের বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ যেকোনো বিষয়ে তৎপর আছে। আমি মনে করি, যেগুলো আইনের মধ্যে পড়ে না বা আইনবহির্ভূত, যেসব বিষয়ে পুলিশ আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবে।’
এর আগে রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।
গোপালগঞ্জ শহরে কড়া নিরাপত্তা
রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র দেখা যায়। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা।
রোববার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা।
এ ছাড়া রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তিনি টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী। এর আগে ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেন।
উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবি ও পুলিশের টহল চলছে। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।