রাজনৈতিক পটপরিবর্তনে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটলেও দেশবিরোধী শক্তি পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যক্ষ ইন্ধন ও উসকানিতে ঘাপটি মেরে থাকা চক্রটি গোপনে দেশে নানা ধরনের অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
আজ রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা হারালেও তাদের ষড়যন্ত্র থামেনি। প্রতিবেশী দেশের প্ররোচনায় তারা দেশের ভেতরে বিভিন্ন স্থানে গোপন নাশকতা চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কোথাও তারা বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, কোথাও যানবাহনে অগ্নিসংযোগ করছে, আবার কোথাও দেশের প্রাণশক্তি হিসেবে পরিচিত তৈরি পোশাক খাতে নানা উপায়ে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির চক্রান্তে লিপ্ত রয়েছে।
এ সময় সাম্প্রতিক সময়ে ঘটিত একটি বড় নাশকতার চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, গত পরশু ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফিশপ্লেট বা এস-প্লেট খুলে ফেলার মতো ভয়াবহ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল বড় ধরনের বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটানো। তবে রেলওয়ে কর্তৃপক্ষের সময়োপযোগী পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি থেকে অসংখ্য মানুষের জীবন রক্ষা পেয়েছে বলে জানান তিনি।
তৈরি পোশাকশিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, কুচক্রী মহল পরিকল্পিতভাবে শ্রমিকদের কর্মস্থলে যোগদানে বাধা সৃষ্টি করছে। তবে এই প্রতিকূল ও চক্রান্তমূলক পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতা ও দক্ষতার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন বলে তিনি মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, একটি চিহ্নিত দুষ্কৃতকারী চক্র দেশের অর্থনীতির গতিশীলতা ও জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ উদ্ধার করতে চাইছে। তবে দেশের জনতা ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় তাদের এই গভীর ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
তিনি আরও উল্লেখ করেন, সরকারের কঠোর অবস্থানের কারণে নাশকতার সঙ্গে জড়িত অপরাধীরা একের পর এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে বোমা, বিস্ফোরক ও অস্ত্রসহ নাশকতাকারীদের গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে বলে তিনি গণমাধ্যমকে জানান।