বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
সকল বিভাগ

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’ নিয়ে বই প্রকাশ করছেন নেতানিয়াহুপুত্র

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ও কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ইয়াইর নেতানিয়াহু তাঁর বাবাকে ক্ষমতাচ্যুত করতে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তুলে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। বইটিতে ইসরায়েলের তথাকথিত ‘ডিপ স্টেট’ বা রাষ্ট্রের ভেতরে প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে তাঁর বাবার লড়াইয়ের কথা তুলে ধরা হবে।

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’ নিয়ে বই প্রকাশ করছেন নেতানিয়াহুপুত্র
বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু (মাঝে) ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে জেরুজালেমের নেসেটে তাদের পুত্র আভনের ও ইয়ারের (ডানে) সঙ্গে বসে আছেন (এএফপি/আমির কোহেন)

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ও কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ইয়াইর নেতানিয়াহু তাঁর বাবাকে ক্ষমতাচ্যুত করতে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তুলে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। বইটিতে ইসরায়েলের তথাকথিত ‘ডিপ স্টেট’ বা রাষ্ট্রের ভেতরে প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে তাঁর বাবার লড়াইয়ের কথা তুলে ধরা হবে।

‘টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরায়েলস ফাইট ফর সারভাইভাল—অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডোমেস্টিক স্যাবোটিয়ার্স’ (দুই ফ্রন্টে যুদ্ধ: বিদেশি শত্রু ও দেশের ভেতরের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ইসরায়েলের টিকে থাকার লড়াই) শিরোনামে বইটি প্রকাশ করবে বড় প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার।

প্রকাশনা সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, বইটিতে পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করা এবং মুক্ত সমাজব্যবস্থার ভিত্তি দুর্বল করার একটি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে।

বইটির প্রচারণামূলক বিবরণে বলা হয়েছে, ‘ইয়াইর নেতানিয়াহু সব সময় নিজের ইহুদি পরিচয় নিয়ে গর্ব করেছেন এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতি তাঁর গভীর সমর্থন ছিল। কিন্তু ইসরায়েলের রাষ্ট্র পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো যখন তাঁর বাবাকে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগ নেয়, তখন তিনি এমন এক জটিল ও অস্বাভাবিক ব্যবস্থার মুখোমুখি হন, যার ভেতরের কার্যক্রম সাধারণ মানুষের চোখের আড়ালেই থাকে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল সরকারি কৌঁসুলি, বিচারক, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব, গণমাধ্যম এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থাগুলো।’

বইটিকে ‘ম্যাট্রিক্সের ভেতর থেকে দেওয়া প্রতিবেদন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে ‘ম্যাট্রিক্স’ বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝানো হয়েছে, যা সাধারণ মানুষের সামনে বাস্তবতার একটি ভিন্ন চিত্র তুলে ধরে এবং তাদের সেই ধারণার মধ্যেই আটকে রাখে। নারীবিদ্বেষী অনলাইন ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেট শব্দটিকে জনপ্রিয় করে তোলেন। ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসীরাও মূলধারার সমাজব্যবস্থার আড়ালে থাকা কথিত নিয়ন্ত্রণব্যবস্থা বোঝাতে শব্দটি ব্যবহার করেন।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি আসন পেয়েছে। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১টি আসন। ফলে প্রয়োজনীয় আসন না পেলেও পার্লামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বড় জোট হিসেবে রয়েছে নেতানিয়াহুর পক্ষ।

অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন। সরকার গঠনের জন্য জোট আলোচনায় এসব দলের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ইয়াইর দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কট্টর ডানপন্থী বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্বের পক্ষে প্রচার চালিয়ে আসছেন। নির্বাচনের পর থেকে তিনি অভিযোগ করছেন, তাঁর বাবাকে পরাজিত করতে বিভিন্ন পক্ষ একজোট হয়েছিল। এসব পক্ষের মধ্যে আরব দেশগুলোর অর্থায়নও ছিল বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি আবারও দাবি করেন, ‘শত্রু রাষ্ট্রগুলো ঘুষ দিয়ে আরব ভোটারদের প্রভাবিত করেছিল। তাদের কারণেই এই নির্বাচন চুরি হয়েছে।’

নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার পেছনেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন ইয়াইর। ২০২০ সাল থেকে তিনটি দুর্নীতির মামলায় ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচার চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

বিচার চলাকালে আদালতে হাজির হওয়ার নির্ধারিত অনেক তারিখেই উপস্থিত হননি নেতানিয়াহু। সাধারণত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে আদালতে অনুপস্থিত থাকার কারণ দেখিয়েছেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, ইয়াইরের নতুন বইটি প্রকাশের দায়িত্বে রয়েছে র‍্যাটপ্যাক প্রেস। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার এবং মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র‍্যাটনার।

জেমস প্যাকার নেতানিয়াহু পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। নেতানিয়াহুর দুর্নীতি মামলায় তিনি একজন সাক্ষীও। অন্যদিকে, যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর ব্রেট র‍্যাটনার ইসরায়েলে চলে যান।

নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগপত্রে বলা হয়েছে, কয়েক বছর ধরে জেমস প্যাকারের কাছ থেকে দামি সিগার ও শ্যাম্পেন উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তেল আবিবে প্যাকারের মালিকানাধীন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও ছিল, যেখানে মাঝেমধ্যে থাকতেন ইয়াইর নেতানিয়াহু।

সূত্র: মিডিল ইস্ট