বহির্বিশ্বের যেকোনো ধরনের চাপ কিংবা অর্থনৈতিক অবরোধের মুখেও নিজেদের ক্ষেপণাস্ত্র নির্মাণ ও উন্নয়ন প্রক্রিয়া থেকে তেহরান পিছপা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার আহমদ ভাহিদি। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের স্থানীয় গণমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
মহাকাশ দিবসকে সামনে রেখে দেওয়া এক বিশেষ বিবৃতিতে ভাহিদি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রূপকার হিসেবে স্বীকৃত প্রয়াত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশ্য করে দেওয়া বার্তায় এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, অতীত আদর্শকে বুকে ধারণ করে বর্তমান সময়ের যোদ্ধারাও পাহাড়ের বুক চিরে এবং মাটির বহু গভীরে মাতৃভূমির সুরক্ষায় সামরিক শক্তিবৃদ্ধি করে চলেছেন।
বিরোধী পক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, প্রতিপক্ষের এটি অনুধাবন করা উচিত যে শহীদ তেহরানি মোগাদ্দামের দেখানো পথ কোনো ভয়ভীতি বা অবরোধ দিয়ে রুদ্ধ করা সম্ভব নয়। গভীর আত্মবিশ্বাস ও রক্তের বিনিময়ে তাদের এই অগ্রযাত্রা চলমান থাকবে।
এর পাশাপাশি আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের সাবেক দুই প্রধান আমির আলী হাজিজাদেহ এবং মাহমুদ বাঘেরির অবদানের কথাও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন ভাহিদি। একই সঙ্গে দেশের সামরিক সামর্থ্যকে আরও সুদৃঢ় ও আধুনিক করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য নিজ বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।