সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার নিরাপত্তা দিতে না পারলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ধরে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’
আক্রমণের লক্ষ্য কারা, তা স্পষ্ট বলে মন্তব্য করে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’
আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাবের সমালোচনা করে নাহিদ বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি। এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।’
সংরক্ষিত নারী আসনে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন দেওয়া হয়েছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, চারটি পেট্রোল বোমা মেরে বাড়িটিতে আগুন লাগানো হয়।
তবে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, তিনি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে জেনেছেন, দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি। ফরেনসিক দল না যাওয়ার পরও ওসি কীভাবে এ মন্তব্য করলেন, সেই প্রশ্ন তোলেন তিনি।
সারা দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এর পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তি রয়েছে এবং তাদের প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে বলে উল্লেখ করেন নাহিদ। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ অবস্থায় সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।