ময়মনসিংহ নগরীতে সুরুজ জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা এলাকায় মজিদ মার্কেটের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নিজের শিশু সন্তানকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে বের হন সুরুজ জামান। মজিদ মার্কেটসংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে কয়েকজন তাঁর পথ আটকে দেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে আঘাত করে পালিয়ে যান।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থি একটি গ্রুপের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।