মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এদিন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা জারির কথা জানান।
তিনি বলেন, “কর্মীদের হয়রানি বন্ধ এবং মেডিকেল পরীক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডে ও নির্ভরযোগ্য করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
নির্দেশনায় বলা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে ওই সংখ্যার সর্বোচ্চ পাঁচ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে। কোনো অবস্থাতেই মেডিকেল সেন্টার নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে স্লিপ ইস্যু করতে পারবে না।
প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিনের স্বাস্থ্য পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি, সংরক্ষণ ও অনলাইনে পাঠাতে হবে। একই সঙ্গে সব পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ মন্ত্রণালয়ে অনলাইনে জমা দিতে হবে। এসব তথ্যে মালয়েশিয়াগামী প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি কোনো অর্থ প্রার্থীর কাছ থেকে নেওয়া যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনে একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিকেল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তাঁর যাবতীয় ব্যয় বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোসহ এ-সংক্রান্ত সব খরচও ওই সেন্টারকে বহন করতে হবে।
প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও পর্যাপ্ত চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত বসার ব্যবস্থাও রাখতে হবে।
‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না। কোনো মেডিকেল সেন্টার নির্দেশনা বা শর্ত লঙ্ঘন করলে তাদের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনাগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারক করতে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে। এ ছাড়া প্রত্যেক মেডিকেল সেন্টারকে তাদের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।