ভারতে বেড়াতে গিয়ে নামের মিলের কারণে খুনের মামলায় গ্রেপ্তার ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। দীর্ঘ ১৮ বছর কারাবাসের পর তিনি মায়ের কাছে ফিরতে পারবেন।
বন্দী বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনার পরও কারাগারে ছিলেন বাদল। গত ১৬ নভেম্বর তাঁর প্যারোল মঞ্জুর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে এক বৃদ্ধাকে হত্যার মামলায় বাদল ফরাজিকে গ্রেপ্তার ও ভুলভাবে দণ্ডিত করা হয়েছিল বলে স্পষ্ট। কারণ, হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর ভারতে প্রবেশ করেন তিনি। অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলে আসছেন, ভারতের পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিলেন, যিনি নিহত বৃদ্ধার গৃহকর্মী ছিলেন। নামের মিল থাকায় বাদল ফরাজিকে গ্রেপ্তার করা হয়।
বাদল কারাগারে থাকতেই তাঁর বাবা মারা যান। মা শেফালী বেগম এখন চলাফেরা করতে পারেন না। বাদলের বোন আকলিমা বেগম বলেন, তাঁরা ভাইয়ের মুক্তির অপেক্ষায় আছেন। তাঁদের প্রত্যাশা, মুক্তির পর তাঁকে আর কারাগারে ফিরতে হবে না।
বাদল ফরাজির কারাবাস বাংলাদেশ ও ভারত—দুই দেশেই আলোচিত হয়েছে। তাঁর মুক্তির দাবিতে দুই দেশেই মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। তাঁকে নিয়ে উপন্যাসও লেখা হয়েছে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত উপন্যাসটির নাম ‘বাদলের কারাবাস: ভুল বিচারে ১৮ বছর—ভারত থেকে বাংলাদেশ’।
বাংলাদেশে বাদলের মুক্তির চেষ্টা ও আন্দোলনে যুক্ত ছিল প্রচেষ্টা ফাউন্ডেশন এবং কয়েকজন সাংবাদিক ও আইনজীবী। ভারতে এ উদ্যোগে যুক্ত ছিলেন মানবাধিকারকর্মী রাহুল কাপুরসহ অনেকে।
সর্বশেষ গত ৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাদলের মুক্তির দাবিতে মানববন্ধন হয়। সেখানে তাঁর মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়।
যেভাবে কারাগারে
বাদলের কারাবাস শুরু হয় ২০০৮ সালে। ওই বছরের ৬ মে দিল্লিতে নিজের বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। এ ঘটনায় করা হত্যা মামলায় পুলিশ তাঁর গৃহকর্মী ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল।
এদিকে তাজমহল দেখার পরিকল্পনা নিয়ে ২০০৮ সালের জুলাইয়ে বেনাপোল হয়ে ভারতে যান বাদল ফরাজি। ঢাকার ভারতীয় হাইকমিশন তাঁকে পর্যটক ভিসাও দিয়েছিল। ওই বছরের ১৩ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের হরিদাসপুরে প্রবেশ করেন তিনি।
এরপরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁকে আটক করে। পরে ‘বাদল সিং’ হিসেবে খুনের মামলায় ২১ জুলাই তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
তখন বাদলের বয়স ছিল ১৮ বছর। তিনি পড়াশোনা করছিলেন। পরিবার ও মানবাধিকারকর্মীদের ভাষ্য, ইংরেজি বা হিন্দি না জানায় নিজের পরিচয় বোঝাতে পারেননি তিনি।
২০১২ সালের ১৭ ডিসেম্বর নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়। এতে বাদলের পাসপোর্ট ও ভিসার নম্বর, ভিসা দেওয়ার তারিখ এবং ভারতে প্রবেশের তথ্য তুলে ধরা হয়। বাদলের স্কুল কর্তৃপক্ষও তাঁর পক্ষে প্রত্যয়ন দেয়। তবে এসব তথ্যপ্রমাণ উপস্থাপনের পরও মুক্তি পাননি তিনি।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদলকে দোষী সাব্যস্ত করেন। ওই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরের বছর দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
কারাবাস ও মুক্তির আন্দোলন
প্রায় ১০ বছর দিল্লির তিহার কারাগারে ছিলেন বাদল। সেখানে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি। কারাগারে বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। এদিকে তাঁর মুক্তির দাবিতে দিল্লির মানবাধিকারকর্মীরা বিভিন্ন সময় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।
বন্দী বিনিময় চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁর মুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। তবে দেশে ফেরার পর তাঁকে রাখা হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
২০২২ সালের ৩০ জুলাই ‘কারাভোগ শেষ, তবু মুক্তি নেই বাদল ফরাজির’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারা অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছিল, ওই দিন বাদল ফরাজির ১৪ বছর সাজা পূর্ণ হয়েছে। সাজাভোগ শেষে মুক্তির বিষয়ে ভারত সরকারের অনুমোদন প্রয়োজন।
তবে তাঁর মুক্তি নিয়ে তখনকার সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। ভারতের দণ্ডবিধি অনুযায়ী বাদলের সাজা ১৪ বছর। অন্যদিকে বাংলাদেশের আইন অনুযায়ী, যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। কোন দেশের আইন অনুযায়ী তাঁর সাজা কার্যকর হবে, তা স্পষ্ট ছিল না।
বাদল ফরাজির মুক্তির বিষয়ে জানতে এবং তাঁর সাজা মওকুফের সুপারিশ করে ভারত সরকারকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ‘ছেলেটি নির্দোষ জানার পরও আমরা কিছু করতে পারিনি। কারণ, ভারতের আদালতে সাজা হয়েছে। যেহেতু তাদের আদালতে সাজা হয়েছে, তাদের আইন মেনেই বাদলকে মুক্তি দেওয়া হবে। তবে তাঁর মুক্তির প্রক্রিয়া যাতে ত্বরিত হয়, আমরা সেই ব্যবস্থা নেব।’
২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ‘বাদল অথবা বাদলদের গল্প’ শিরোনামে একটি কলাম লেখেন। এতে তিনি বাদলের মুক্তির দাবি জানান।
জুলাই গণ-অভ্যুত্থানের পর
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাদল ফরাজিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
বাদলের পরিবারের দাবি, তাঁর স্থায়ী মুক্তির উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডের (সেনটেন্স রিভিউ বোর্ড) সভায় বাদলের মেয়াদপূর্তির আগে মুক্তির বিষয়টি ওঠে। তবে বোর্ড তাঁর আবেদন প্রত্যাখ্যান করে।
বাদলের প্যারোলের বিষয়ে ভারতের আদালতের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেন আইনজীবী সার্থক ম্যাগন, বৈভব ভরদ্বাজ ও রঞ্জিত কুমার সাহু। গত ২৯ সেপ্টেম্বর ভারতের আদালত বলেন, প্যারোলের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করতে হবে।
ভারতের আদালতের ওই আদেশের পর গত ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারক পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি স্মারক জারি করে। পরে গত ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তাঁর ভাইয়ের প্যারোলের আবেদন করেন। এরপর এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামত নেওয়া হয়।
সর্বশেষ গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা স্মারকে বাদল ফরাজিকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করা হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বাদলের মুক্তির প্রক্রিয়া চলছে।
‘মা ছেলেকে দেখার অপেক্ষায়’
১৮ বছর বয়সে কারাগারে যাওয়া বাদল ফরাজির বর্তমান বয়স ৩৬ বছর। আইনি প্রক্রিয়ায় সুযোগ পেয়ে গত বুধবার কারাগার থেকে ফোন করে তিনি বলেন, ‘মুক্তি পেয়ে ডাইরেক্ট (সরাসরি) মায়ের কাছে যাব।’
বাদলের বোন আকলিমা বলেন, ‘আমার মা এখন তাঁর ছেলেকে দেখার অপেক্ষায়।’