চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদল ও ছাত্রদলের ‘নৈরাজ্যবিরোধী’ মিছিলে হামলার পর কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের যুব ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ি ও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে দুটি মোটরসাইকেলে।
শনিবার উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তিনজন আহত হয়েছে।
“নুরুল হাকিম নামের একজনের বাড়িতে হামলা হয়েছে বলে শুনেছি।”
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শুক্রবার যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ওই দিন জুমার নামাজ চলাকালে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল হাকিম।
ওই মিছিলের প্রতিবাদে শনিবার বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাল্টা মিছিলের আয়োজন করেন।
নাম প্রকাশ না করার শর্তে কিপাইত নগরের এক বাসিন্দা বলেন, “নানুপুর এলাকায় আওয়ামী লীগ অধ্যুষিত। বিএনপির লোকজন যখন আজ মিছিল নিয়ে নুরুল হাকিমকে ধরার উদ্দেশ্যে রওনা দেয় তখন মাইকে ‘ডাকাত পড়ার’ ঘোষণা দিয়ে যুবলীগ-ছাত্রলীগের ছেলেরা তাদের উপর হামলা চালায়।”
ওই বাসিন্দা জানান, এ সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে বিএনপির নেতাকর্মীরা আবার সংগঠিত হয়ে মিছিল নিয়ে এসে নুরুল হাকিমের বাড়ি ভাঙচুর করেন। তখন তাঁরা আরেকটি মোটরসাইকেলে আগুন দেন।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ এবং ফটিকছড়ি থানার পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, “নানুপুর বাজারের কাছেই ওই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি।
“সংঘর্ষে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। এছাড়া ১০-১২টি মোটর সাইকেল ভাংচুর এবং দুটি মোটর সাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।”
তিনি বলেন, “মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে যুবদল-ছাত্রদলের মিছিলে হামলা করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।”