রবিবার, 22 নভেম্বর 2026
সকল বিভাগ

পাবনায় আ. লীগ-বিএনপির ব্যাপক সংঘর্ষ

পাবনার বেড়া উপজেলায় পূর্বের রাজনৈতিক উত্তেজনার জেরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

পাবনায় আ. লীগ-বিএনপির ব্যাপক সংঘর্ষ
পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলাকার আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল সাড়ে চারটা পর্যন্ত গড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সংঘাত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে আশপাশের এলাকায় চরম ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর তথ্য অনুযায়ী, দুদিন আগে বেড়া থানার সম্মুখে আওয়ামী লীগের একটি প্রতিবাদ মিছিল ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। ওই ঘটনার রেশ ধরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে দুই পক্ষের সমর্থকদের প্রায় পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব পাল্টাপাল্টি ঘটনার পর থেকে দুই মহলেই তীব্র উত্তেজনা বিরাজ করছিল, যারই জেরে শনিবার দুপুরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর গড়ানোর পর দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয় এবং বেলা বাড়ার সাথে সাথে তা আরও তীব্র আকার ধারণ করে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও পরিস্থিতি শান্ত করতে বেগ পেতে হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা ও দোকানপাটের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।