রবিবার, 22 নভেম্বর 2026
সকল বিভাগ

তারানা হালিমের উপস্থিতির তথ্য পেয়ে গুলশানের বাসায় পুলিশের অভিযান

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাঁকে বাসায় পাওয়া যায়নি।

তারানা হালিমের উপস্থিতির তথ্য পেয়ে গুলশানের বাসায় পুলিশের অভিযান
ছবি: সংগৃহীত

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাঁকে বাসায় পাওয়া যায়নি।

শনিবার বিকেল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এলাকার ওই বাসায় পুলিশের উপস্থিতি দেখা যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর রাত পৌনে ৮টার দিকে বলেন, “আমরা ওই বাসায় একটা তথ্য পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।”

তাঁর কাছে জানতে চাওয়া হয়, তারানা হালিম না হলে বিষয়টি কী? জবাবে তিনি বলেন, “আমিতো উত্তর দিয়ে দিয়েছি অলরেডি।”

২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্যকে প্রকাশ্যে দেখা যায়নি।

গুলশানে তারানা হালিমের বাসার নিরাপত্তাকর্মী শরিফ মিয়া শনিবার জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। পুলিশ সদস্যরা মালপত্র নামিয়েছেন। তবে বাসায় ‘স্যার’ ছিলেন না।

‘স্যার’ বলতে তারানা হালিমকে বোঝানো হচ্ছে কি না, জানতে চাইলে শরিফ হ্যাঁ সূচক জবাব দেন।

তিনি বলেন, “উনিতো এমপি আছিল। উনিতো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া। স্যারের বাসা চারতলায়। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিল। কিছু বের করে নাই। ভেতরে নাই তো কেউ। মানুষ তো নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।”

ঘটনাস্থলে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দেখা গেছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বাসার সামনে একটি মালবাহী পিকআপ দেখা যায়। পুলিশের পাশাপাশি ওই ভবন ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তাকর্মীরাও সেখানে ছিলেন।

তারানা হালিম আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ সালে তথ্য ও টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও তিনি পরিচিত মুখ।