রবিবার, 22 নভেম্বর 2026
সকল বিভাগ

পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য (এমপি) ও এক সাবেক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য (এমপি) ও এক সাবেক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।

সভা শেষে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপজেলা শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপর সাবেক দুই সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকার বাড়িতে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি মারা যান।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার বলেন, ‘আওয়ামী লীগের কিছু লোক অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এর প্রতিবাদে আমরা সন্ত্রাসবিরোধী সভা করি। যেভাবে ঘটনা প্রকাশ করা হচ্ছে, ততটা হামলা–ভাঙচুর হয়নি। হয়তো দরজায় চার–পাঁচটা আঘাত করেছে।’

এরপর শুক্রবার রাত আটটার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে সংঘবদ্ধ একটি দল।

এর প্রায় আধা ঘণ্টা পর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিব্বুর রহমানের কলাপাড়ার বাসভবনে ভাঙচুর চালানো হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি।

সন্ত্রাসবিরোধী সভার পর সাবেক দুই সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাড়ির মূল ফটকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

তাঁর পুত্রবধূ রোকসানা পারভীন বলেন, ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সীমানাপ্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। বাড়িতে ঢুকতে না পেরে তাঁরা মূল ফটকে ভাঙচুর চালান।

লুৎফুন নেছা দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের স্ত্রী।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে সাবেক নারী সংসদ সদস্যের বাসার সামনে পুলিশ পাঠানো হয়েছিল। এ সময় কেউ কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ ফিরে আসে।

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতে হামলা

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বাগানবাড়ি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার যুগ্ম সম্পাদক মিকাইল হোসেন ও পৌর শাখার সভাপতি সামি আহমেদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা দুই বাড়ির থাই গ্লাস, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন।

স্থানীয় লোকজন জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের বাগানবাড়ি এলাকায় মিকাইল হোসেন ও সামি আহমেদের বাড়ি। সামির বাড়িতে তাঁদের কেউ থাকেন না। শুক্রবার রাত আটটার দিকে ১৫ থেকে ২০ জন যুবক মুখে মাস্ক পরে ওই বাড়িতে হামলা চালান। প্রথমে তাঁরা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পরে বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন। এরপর বাড়ির নিচতলায় থাকা ফুড ডেলিভারির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালান। একই রাতে ওই এলাকায় থাকা মিকাইল হোসেনের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সামি আহমেদের বাড়ির ভাড়াটে শেখ তানজিম হাসান বলেন, হামলাকারীরা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল নিয়ে গেছেন। তবে মুখে মাস্ক থাকায় তাঁদের কাউকে শনাক্ত করা যায়নি।

একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি জেলা শহরে মিছিল করা নিয়ে ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে এক স্বেচ্ছাসেবক দল নেতার সঙ্গে মিকাইল হোসেনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা মিকাইল হোসেন ও সামি আহমেদ ডিসেম্বরকে ঘিরে নাশকতাসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁরা বিভিন্ন সময়ে মিছিল করছেন। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ এ হামলা চালিয়ে থাকতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।