পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পৌর শহরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় শুরু হওয়া সংঘাত বিকেল পর্যন্ত থেমে থেমে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, শনিবার দুপুর থেকে সংঘর্ষ শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। তিনি বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পরিবেশ শান্ত করতে এরই মধ্যে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপও করেছি। আশা করছি দ্রুত পরিবেশ স্বাভাবিক হবে।”
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির স্থানীয় প্রতিনিধি। এ সময় তাঁকে লাঞ্ছিত করার পাশাপাশি তাঁর ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংঘাত ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেন। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়।
এরপর দুই দলের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই ঘটনার জের ধরে শনিবার সকাল থেকে পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে সওদাগরপাড়া ও আশপাশের এলাকা থেকে পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।
দুপুরের দিকে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তা দ্রুত বৃশালিখা এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।
বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছিল।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।