দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ জন নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আলাদা দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।
প্রথম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার দায়ে বিশ্ববিদ্যালয় শাখার ১২ জন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এই তালিকায় থাকা নেতারা হলেন সহ-সভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহ-সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহ-আইন সম্পাদক মো. রাকিব; সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
অপর একটি আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
উভয় বিজ্ঞপ্তিতেই স্পষ্ট করা হয়েছে যে, কেন্দ্রীয় সংসদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।