মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। এ সময় জমশেদ মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত প্রায় সোয়া ৭টার দিকে কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এএসআই এনামুল হক ও এএসআই মো. রাজিবসহ একটি দল অভিযানে অংশ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জমশেদ পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী, বসতঘরের পেছনের খালি জায়গায় নতুন নির্মিত একটি স্যানিটারি রিংয়ের ভেতর প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০ বোতল Officer’s Choice Blue Pure Grain Whisky উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জমশেদ মিয়া মানগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমশেদ দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় নিকটস্থ থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় মৌলভীবাজার জেলায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।