সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতিদের ধারাবাহিক হামলারও প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশের এ অবস্থান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দাম্মামের বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং দুই বাংলাদেশি আহত হয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাটি হয়।
এ ঘটনায় এক ভারতীয় ও এক সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা সংকটজনক।
আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের পরিচয় জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুক্রবারের বিবৃতিতে হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ। বিবৃতিতে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। তাঁদের একজন শাহেদ আহম্মেদের মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে।