পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) সকালে বেলুচিস্তান প্রদেশের খুজদার এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখা জানিয়েছে, বেলুচিস্তানের খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠের কাছাকাছি উৎপত্তি হওয়ায় খুজদারসহ আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খুজদার ছাড়াও পার্শ্ববর্তী খারান ও কালাত জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
প্রায় ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তনের বেলুচিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের অত্যন্ত সক্রিয় সংযোগস্থলে অবস্থিত। প্লেট তিনটি হলো ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও অ্যারাবিয়ান।
ভূতাত্ত্বিক চ্যুতি এবং এসব টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে বেলুচিস্তানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।