গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন সোয়া ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকেল ৪টা ২২ মিনিটে সফিপুরে প্রতিষ্ঠানটির ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১২ মিনিটের মধ্যে। বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় এসব তথ্য জানান।
তিনি জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এর প্রায় ১৫ মিনিট পর গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে ফোনে যোগাযোগ করা হলে একজন টেলিফোন অপারেটর ফোন ধরেন। তিনি বলেন, সফিপুর আনসার ক্যাম্পের বিপরীতে প্রতিষ্ঠানটির প্রধান কারখানা অবস্থিত। তবে সেখানে আগুন লাগার কোনো খবর তাঁর জানা নেই।
অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।