সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাতে সাড়ে ৮টায় সেনা রিজিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার এসব তথ্য জানানো হয়।
সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ এবং সাজেকের পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, সংকট সমাধানে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের উদ্যোগে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে।
পাশাপাশি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটির নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত দলটির নেতৃত্বে থাকবেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষ, পর্যটক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। দীর্ঘদিন ধরে চলা এ অচলাবস্থায় স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছে। এর ফলে সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলে সভায় উদ্বেগ জানানো হয়।
সড়ক অবরোধে কারবারি অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও সভায় আলোচনা হয়। অবরোধের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করা এবং আন্দোলনকারীদের কর্মকাণ্ডে প্রকাশ্যে মদদ দেওয়ার অভিযোগে সংগঠনটিকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি আলোচনায় উঠে আসে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সভা শেষে জনদুর্ভোগ কমানো, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়ার কথা জানানো হয়।