শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

আগামী ২০ অক্টোবর রাজশাহীতে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বেলা ৩টায় নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর। এর আগে গত ২৯ জানুয়ারি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে একই মাঠে বক্তব্য দিয়েছিলেন তিনি।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

আগামী ২০ অক্টোবর রাজশাহীতে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বেলা ৩টায় নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর। এর আগে গত ২৯ জানুয়ারি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে একই মাঠে বক্তব্য দিয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর জনসভা সামনে রেখে রাজশাহীর মাদ্রাসা মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনসহ সার্বিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি মাঠের পরিচ্ছন্নতা, দেয়ালে রং করা এবং মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন। পাশাপাশি মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্তে তাঁরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন নগরবাসীর জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বাহিনীর একটি বিমানে রাজশাহীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুরে যাবেন তিনি। সেখানে রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন। রাজশাহী সফর শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন তিনি।

এক দিনে দেশের তিন বিভাগ সফরের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী।