দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।
সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ পে-স্কেল চালু হয়েছিল প্রায় ১১ বছর আগে। নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে তিন অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ধাপগুলোতে বাকি অংশ বাস্তবায়ন করা হবে।
নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে জনসেবা খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৭২ হাজার ২৪ কোটি টাকা। সে হিসাবে প্রস্তাবিত বরাদ্দ প্রায় ৯৬ শতাংশ বেশি।
তবে পরে চলতি অর্থবছরের জনসেবা খাতের বরাদ্দ সংশোধন করে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা নির্ধারণ করা হয়। সেই তুলনায় নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জনসেবা খাতের এই অতিরিক্ত বরাদ্দের পুরো অর্থ কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধিতে ব্যয় হবে না।
বরাদ্দের আওতায় নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বর্ধিত বেতন-ভাতা এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।