শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। 

সোমবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ১৯ মার্চের ট্রেনযাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। একই দিনের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

ঈদ উপলক্ষে গত ৩ মার্চ থেকেই ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে। সেদিন বিক্রি করা হয়েছিল ১৩ মার্চের ট্রেনের টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ বিক্রি হচ্ছে ১৯ মার্চের টিকিট।

এবারের ঈদে ঘরে ফেরা মানুষের সুবিধার কথা বিবেচনা করে সরকার আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া পবিত্র শবে কদর উপলক্ষে ১৭ মার্চ থেকেই ছুটি শুরু হবে। ফলে ঈদকে ঘিরে মোট সাত দিনের টানা সরকারি ছুটি থাকবে, যা চলবে ২৩ মার্চ পর্যন্ত।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগের বছরের মতো এবারও ঈদযাত্রার সব অগ্রিম টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রির প্রক্রিয়া দুই অঞ্চলে ভাগ করে পরিচালিত হচ্ছে—সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

ঈদের সময় বাড়তি যাত্রীচাপ সামাল দিতে কয়েকটি রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশের সমপরিমাণ দাঁড়িয়ে ভ্রমণের টিকিট যাত্রার আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে এসব টিকিট কেনার পর তা ফেরত দেওয়ার সুযোগ থাকবে না।

অন্যদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিটও নির্ধারিত সূচি অনুযায়ী ধাপে ধাপে বিক্রি করা হবে। ২৪ মার্চের টিকিট বিক্রি হবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।