সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

২০ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কিংবদন্তি অলরাউন্ডার সুজি বেটস। দীর্ঘ ২০ বছরের দীর্ঘ পথচলা শেষে ২০২৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমেই তিনি ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

২০ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কিংবদন্তি অলরাউন্ডার সুজি বেটস। দীর্ঘ ২০ বছরের দীর্ঘ পথচলা শেষে ২০২৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমেই তিনি ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি পায়ের চোট কাটিয়ে মাঠে ফেরা এই অভিজ্ঞ ক্রিকেটার তার ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও শিরোপার স্বপ্ন দেখছেন। বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের হয়ে আরও একটি ট্রফি জিতেই মাঠ ছাড়তে চান তিনি। বিদায়ের ঘোষণা দিয়ে বেটস বলেন, পেছনের দুই দশকের দিকে তাকালে মনে হয় সময় খুব দ্রুত কেটে গেছে। নিউজিল্যান্ডের জার্সি গায়ে এত দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা তাকে অনুপ্রেরণা দিয়েছে এবং এখন তার শেষ লক্ষ্য হলো যুক্তরাজ্যে আয়োজিত বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চটা দিয়ে ট্রফি জয় করা।

২০০৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে হাতেখড়ি হওয়া সুজি বেটসের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০৬ সালে। পরিসংখ্যানের পাতায় তিনি এক উজ্জ্বল নক্ষত্র; নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ৪,৭১৭ রান নিয়ে তিনি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ানডে ফরম্যাটেও ৫,৯৬৪ রান করে সংগ্রাহকদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন তিনি।

২০১১ সালে নিউজিল্যান্ড দলের নেতৃত্বের ভার গ্রহণ করে টানা সাত বছর দলকে সামনে থেকে এগিয়ে নিয়েছেন বেটস। ২০১৬ সালে মর্যাদাপূর্ণ ‘উইজডেন’ তাকে বিশ্বের সেরা নারী ক্রিকেটার হিসেবে ভূষিত করে। কেবল ক্রিকেট মাঠেই নয়, বহুমুখী প্রতিভার অধিকারী বেটস বাস্কেটবলেও সমান পারদর্শী। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে তিনি নিউজিল্যান্ডের জাতীয় বাস্কেটবল দলের হয়ে অংশগ্রহণ করেছিলেন। এক অসাধারণ ক্রীড়াশৈলী ও নেতৃত্বের ছাপ রেখেই আগামী বছর বাইশ গজের চিরচেনা আঙিনা থেকে বিদায় নেবেন এই মহাতারকা।