রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

৬ মাত্রায় ভূমিকম্পে কাঁপল উত্তর ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপপুঞ্জের উপকূলে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

৬ মাত্রায় ভূমিকম্পে কাঁপল উত্তর ইন্দোনেশিয়া
ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপপুঞ্জের উপকূলে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। তবে শক্তিশালী এই কম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এর অবস্থান ফিলিপাইনের মিনদানো দ্বীপের সারাঙ্গানি প্রদেশ থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হ্যারি সাউরো সংবাদমাধ্যম এএফপি-কে জানান, ভূমিকম্পের সময় মৃদু কম্পন অনুভূত হয়েছে। কোনো ধরনের হতাহত বা অবকাঠামোগত ক্ষতির কোনো তথ্য তাদের কাছে পৌঁছায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ পার্শ্ববর্তী দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থিত। এই বিশেষ অঞ্চলের নিচে টেকটোনিক প্লেটগুলোর অধিক সক্রিয়তার কারণে নিয়মিত শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌতিক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, কম্পনের মাত্রা শক্তিশালী হলেও সমুদ্রপৃষ্ঠে এর অস্বাভাবিক কোনো প্রভাব পড়েনি। ফলে এই ভূমিকম্পের জেরে কোনো সুনামির আশঙ্কা নেই বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে সংস্থাটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।