সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

অর্থনৈতিক লাভের ঊর্ধ্বে উঠে আইন পেশার মানবিক ও সামাজিক দিককে প্রাধান্য দেওয়ার আহ্বান আসাদুজ্জামান

আইন পেশাকে কেবল উপার্জনের উপায় হিসেবে না দেখে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানো এবং ইনসাফ কায়েমের মানসিকতা গড়ে তোলার জন্য আইনজীবীদের প্রতি পরামর্শ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অর্থনৈতিক লাভের ঊর্ধ্বে উঠে আইন পেশার মানবিক ও সামাজিক দিককে প্রাধান্য দেওয়ার আহ্বান আসাদুজ্জামান
আইন পেশাকে কেবল উপার্জনের উপায় হিসেবে না দেখে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানো এবং ইনসাফ কায়েমের মানসিকতা গড়ে তোলার জন্য আইনজীবীদের প্রতি পরামর্শ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন বিভাগ থেকে উত্তীর্ণ এবং বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

পেশায় সদ্য যুক্ত হওয়া তরুণদের উদ্দেশে আইনমন্ত্রী উল্লেখ করেন যে, আইন সংক্রান্ত জ্ঞান অর্জনের প্রক্রিয়াটি প্রতিনিয়ত চলমান। খসড়া আইনি নথি তৈরি থেকে শুরু করে মৌলিক দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত অধ্যয়ন ও আইনি সাহিত্য পর্যালোচনার ওপর জোর দেন তিনি। অনৈতিক পথ অবলম্বন বা দ্রুত বস্তুগত সাফল্য অর্জনের প্রবণতা পরিহার করে নিষ্ঠা, মেধা ও পেশাগত সততার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার তাগিদ দেন তিনি।

দেশে আইনি পেশাজীবীদের জন্য প্রাতিষ্ঠানিক প্রাক-পেশাগত বা পেশাকালীন প্রশিক্ষণের অভাব রয়েছে স্বীকার করে তিনি জানান, আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা সরকারের রয়েছে। আইন চর্চার ক্ষেত্রটিকে আরও সম্মানজনক ও নিবিড় জ্ঞানভিত্তিক পর্যায়ে উন্নীত করতেপ্র প্রয়োজনীয় আইনি ও অবকাঠামোগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বার কাউন্সিলের তালিকাভুক্তি প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে তিনি বলেন, এই মূল্যায়নে স্বজনপ্রীতি বা প্রভাব বিস্তারের সুযোগ নেই। এমনকি পরিচালনা পর্ষদের সদস্যদের স্বজনদেরও অকৃতকার্য হওয়ার দৃষ্টান্ত রয়েছে। তাই নবীনদের নিজেদের যোগ্যতার ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

মক্কেলের সাথে পেশাগত সীমারেখা ও পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, বিত্তবানদের পাশাপাশি সমাজের অসহায় ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের আইনি সহায়তা দেওয়া আইনজীবীদের নৈতিক দায়িত্ব। পেশাগত ফি গ্রহণের বাইরেও নির্দিষ্টসংখ্যক দুস্থ ও নিঃস্ব মানুষের মামলা বিনামূল্যে পরিচালনার জন্য নতুন আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।