সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ

দেশে চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি এখনও পূর্ণমাত্রায় স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ

দেশে চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি এখনও পূর্ণমাত্রায় স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি উল্লেখ করেন যে, কার্গো সরবরাহে সাময়িক কিছু জটিলতা তৈরি হলেও তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে সার্বিকভাবে জ্বালানি খাতকে একটি সুসংহত ও শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে সরকারের প্রায় দুই বছর সময়ের প্রয়োজন হতে পারে।


মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ের অগ্রগতি তুলে ধরে এসব তথ্য জানান তিনি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে সহজে জ্বালানি মিলছে না এবং চড়া মূল্য দাবি করা হচ্ছে। দেশের বর্তমান এই সংকটে সরকার জনগণের ভোগান্তির বিষয়ে সম্পূর্ণ সমব্যথী। এই পরিস্থিতির নেপথ্যে দীর্ঘদিনের জমে থাকা অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি জানান, সংকট উত্তরণে বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী প্রশাসনের নীতিমালার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে গ্যাস আমদানি করে বিপুল অঙ্কের ভর্তুকি দেওয়া অব্যাহত রাখা হবে, নাকি কিছুটা লোডশেডিং মেনে নেওয়া হবে—সে বিষয়ে একটি সুনির্দিষ্ট জাতীয় সিদ্ধান্তে আসা প্রয়োজন।

ডা. জাহেদ উর রহমান জানান, জ্বালানি খাত পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগলেও এই অন্তর্বর্তীকালীন সময়ে দেশের পরিস্থিতি আগের চেয়ে অবনতি ঘটবে না। মূল ব্যবস্থাপনায় কিছুটা অদক্ষতা থাকতে পারে স্বীকার করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চলমান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতাই এই জ্বালানি সংকটের প্রধান কারণ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জ্বালানি সংকট থেকে দ্রুত বের হওয়া সম্ভব হলে দেশে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি হবে এবং বন্ধ থাকা কলকারখানাগুলো পুনরায় চালু হবে। এছাড়া, সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির প্রকাশিত একটি প্রতিবেদন সরকারের পক্ষ থেকে গভীরভাবে যাচাই-বাছাই করা হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে দেশের সাংস্কৃতিক পরিবেশ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পূর্বের তুলনায় বর্তমান সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপক বিকাশ ঘটেছে। দেশের সংস্কৃতি চর্চাকে বেগবান করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক ও মনোযোগের সাথে কাজ করছেন বলে তিনি মন্তব্য করেন।

সবশেষে তিনি তথ্যপ্রযুক্তির অপব্যবহার নিয়ে জানান, বিগত ছয় মাসে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রায় ৪৬৪টি বড় ধরনের অপতথ্য বা গুজব ছড়ানো হয়েছে। এসব অপপ্রচার ও বিভ্রান্তি আইনিভাবে প্রতিহত করতে ইতোমধ্যে একটি বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। অন্যদিকে, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগের পরামর্শ দেন।